images

অর্থনীতি

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে বিদেশ যেতে পারবেন না কর্মকর্তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। 

এখন থেকে সরকারি বা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়নে কোনো প্রকার ট্রেনিং, সেমিনার বা ওয়ার্কশপে অংশ নিতে পারবেন না কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এমনকি এসব প্রতিষ্ঠানের অর্থায়নে বিদেশ ভ্রমণও করা যাবে না। 

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-২ থেকে এক অফিস নির্দেশনার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা নির্দেশনায় যা বলা হয়েছে 

সরকারি বা বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খরচে দেশে বা বিদেশে আয়োজিত কোনো প্রশিক্ষণ বা ওয়ার্কশপে বাংলাদেশ ব্যাংকের কোনো কর্মকর্তা প্রশিক্ষণার্থী বা প্রশিক্ষক হিসেবে অংশ নিতে পারবেন না। বাংলাদেশ ব্যাংক থেকে সেবা গ্রহণ করে অথবা কেন্দ্রীয় ব্যাংকে পণ্য ও সেবা সরবরাহ করে এমন কোনো প্রতিষ্ঠানের অর্থায়নে চুক্তি-বহির্ভূত কোনো বৈদেশিক সেমিনার বা ওয়ার্কশপে অংশ নেওয়া যাবে না।

বিশেষ প্রয়োজনে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টের অনুমতি নিয়ে কোনো সেমিনারে বক্তা হিসেবে অংশ নেওয়া গেলেও আয়োজক সংস্থার কাছ থেকে কোনো ধরণের সম্মানী বা ফি গ্রহণ করা যাবে না। সামগ্রিকভাবে বাংলাদেশ ব্যাংকের কাজের সঙ্গে স্বার্থের সংঘাত তৈরি হতে পারে, এমন যেকোনো আয়োজনে অংশ নেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। 

টিএই/এএইচ