images

অর্থনীতি

স্থানীয় সরবরাহকারীদের জন্য আগাম অর্থায়নের নতুন সুবিধা চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ মে ২০২৬, ০৭:৩৬ পিএম

রফতানিমুখী শিল্পের স্থানীয় সরবরাহকারীদের জন্য আগাম অর্থায়নের নতুন সুবিধা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাক-টু-ব্যাক এলসির আওতায় স্থানীয় সরবরাহের বিপরীতে স্বীকৃত ইউস্যান্স বা ডিফার্ড বিল মেয়াদপূর্তির আগেই বৈদেশিক মুদ্রায় কিনতে বা ডিসকাউন্ট করতে পারবে ব্যাংকগুলো।

মঙ্গলবার (১২ মে) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিধিমালায় সংশোধন আনে কেন্দ্রীয় ব্যাংক। 

এতদিন এ সুবিধা কেবল বিদেশ থেকে আমদানি করা পণ্যের বিপরীতে ইউস্যান্স বিলের ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। নতুন নির্দেশনার ফলে প্রথমবারের মতো স্থানীয় সরবরাহকারীরাও আগাম অর্থ পাওয়ার সুযোগ পাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত ব্যাংকিং নীতি, ব্যাংক-গ্রাহক সম্পর্ক এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে ব্যাংকগুলো স্বীকৃত ইউস্যান্স বা ডিফার্ড বিল ক্রয় বা ডিসকাউন্ট করতে পারবে। এর ফলে বিলের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরবরাহকারী প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রায় অর্থ পাবে।

ব্যাংকার ও ব্যবসায়ীদের মতে, এ সিদ্ধান্ত স্থানীয় সরবরাহ চেইনে তারল্য সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে কাঁচামাল, অ্যাকসেসরিজ ও মধ্যবর্তী পণ্য সরবরাহে ব্যাক-টু-ব্যাক এলসির ব্যবহার ব্যাপক হওয়ায় নতুন সুবিধা সরবরাহকারীদের চলতি মূলধনের চাপ কমাবে এবং নগদ প্রবাহ ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে দ্রুত অর্থায়নের বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ উৎপাদন ও সরবরাহ কার্যক্রমে গতি আনবে এবং স্থানীয় শিল্প উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে।

ইউস্যান্স বিল হলো এমন একটি বাণিজ্যিক বিল, যেখানে পণ্য সরবরাহের পর তাৎক্ষণিক অর্থ পরিশোধ না করে নির্দিষ্ট সময় পরে অর্থ পরিশোধ করা হয়। 

সাধারণত ৩০, ৯০ বা ১২০ দিনের সময়সীমা নির্ধারণ করে এ ধরনের বিল করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য ও ব্যাক-টু-ব্যাক এলসিতে ব্যবসায়ীদের নগদ চাপ কমাতে এ পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

টিএই/এএইচ