নিজস্ব প্রতিবেদক
০৯ মে ২০২৬, ১০:১৮ পিএম
অ্যামোনিয়া সংকট কাটিয়ে আবারও উৎপাদনে ফিরেছে ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের উৎপাদন কার্যক্রম চালু হওয়ায় দেশে সার উৎপাদন ও সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
শনিবার (৯ মে) বিকালে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কারখানাটিতে পুনরায় উৎপাদন শুরু হয়। এর এক দিন আগে উৎপাদনে ফিরে কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি (কাফকো)।
বিষয়টি নিশ্চিত করে ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঈনুল হক জানান, গত ২ মে কাফকোতে উৎপাদন শুরু হওয়ার পর ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ স্বাভাবিক হয়। এরপর কয়েকদিন ধরে প্রয়োজনীয় অ্যামোনিয়া মজুত ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করে শনিবার থেকে পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি বলেন, কারখানাটি সচল থাকলে বর্তমানে প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টন ইউরিয়া উৎপাদন সম্ভব হবে।
এর আগে অ্যামোনিয়ার সংকট দেখা দেওয়ায় গত ১৮ এপ্রিল ডিএপিএফসিএলের উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রিত ডিএপিএফসিএল ২০০৬ সালে নির্মাণকাজ শেষ করে বাণিজ্যিকভাবে ডিএপি সার উৎপাদন শুরু করে।
এমআর/ক.ম