images

অর্থনীতি

৬ দিনে প্রবাসী আয় ৭৫ কোটি ২০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক

০৭ মে ২০২৬, ১০:১৮ পিএম

চলতি মে মাসের প্রথম ছয় দিনেই দেশে ৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ৯ হাজার ১৭৪ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এ সময়ে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ১২ কোটি ৫৩ লাখ ডলার।

বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। 

মুখপাত্র বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৬২ কোটি ৫০ লাখ ডলার।  সেই তুলনায় এবার প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৬ মে পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৮ কোটি ৫০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৯ দশমিক ৬০ শতাংশ।

গত এপ্রিলে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের রেকর্ড।

এ ছাড়া জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স আসে। গত ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে রেমিট্যান্স আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া আগস্টে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং জুলাইয়ে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স আসে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। যা দেশের ইতিহাসে কোনো অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। 
 
ক.ম/