images

অর্থনীতি

ঘরে বসেই ডাক জীবন বিমার কিস্তি পরিশোধ নগদে

নিজস্ব প্রতিবেদক

০৬ মে ২০২৬, ০৪:৫৩ পিএম

এখন থেকে ডাক জীবন বিমার প্রিমিয়াম বা কিস্তি জমা দিতে আর ডাকঘরে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। গ্রাহকেরা ঘরে বসেই মোবাইলে আর্থিক সেবা নগদ-এর মাধ্যমে সহজেই কিস্তি পরিশোধ করতে পারবেন।

বুধবার (৬ মে) বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে নগদ। রাজধানীর ডাক ভবনে আয়োজিত অনুষ্ঠানে ডাক বিভাগের পক্ষে অতিরিক্ত জেনারেল ম্যানেজার মোহা. আব্দুল হান্নান ও প্রদীপ কুমার এবং নগদের পক্ষে চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় ডাক জীবন বিমার সব ধরনের পলিসি—আজীবন বিমা, মেয়াদি বিমা, নির্দিষ্ট বিমা ও বিবাহ বিমার কিস্তি এখন থেকে নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।

অনুষ্ঠানে ডাক অধিদফতরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, ডাক জীবন বিমা সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তার একটি নির্ভরযোগ্য মাধ্যম। এই সেবাকে আরও আধুনিক ও সহজলভ্য করতে কাজ চলছে। নগদের মাধ্যমে প্রিমিয়াম পরিশোধের সুযোগ চালু হওয়ায় গ্রাহকেরা দ্রুত ও সহজ সেবা পাবেন এবং ডাক বিভাগের ডিজিটাল রূপান্তর আরও এগিয়ে যাবে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, মানুষের দৈনন্দিন জীবন সহজ করাই তাদের লক্ষ্য। ডাক জীবন বিমার মতো পুরোনো ও জনপ্রিয় সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার ফলে গ্রাহকের ভোগান্তি কমবে এবং সময় সাশ্রয় হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে বিমা সেবায় স্বচ্ছতা বাড়বে এবং একই সঙ্গে নগদের গ্রাহকসেবার পরিধিও আরও বিস্তৃত হবে।

এমআর/ক.ম