images

অর্থনীতি

বিজিএমইএ কমপ্লেক্সে ডে-কেয়ার সেন্টার চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ মে ২০২৬, ০৮:৩১ পিএম

কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের নিরাপত্তা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে বিজিএমইএ কমপ্লেক্সে একটি ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে।

সোমবার (৪ মে) ‘বিজিএমইএ মো. রিয়াজুদ্দিন ডে-কেয়ার সেন্টার’ নামে এই সেন্টারটি উদ্বোধন করেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি-এর সভাপতি মাহমুদ হাসান খান।

উদ্বোধন অনুষ্ঠানে মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএর কর্মীরাই এই সংগঠনের মূল চালিকাশক্তি। বিশেষ করে কর্মজীবী মা-বাবাদের কথা বিবেচনা করে তাদের সন্তানদের জন্য নিরাপদ ও যত্নশীল পরিবেশ নিশ্চিত করতে এই আধুনিক ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা সন্তানদের নিরাপদে রেখে আরও নিশ্চিন্তে দাপ্তরিক কাজে মনোযোগ দিতে পারবেন।

ডে-কেয়ার সেন্টারটি আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ করে গড়ে তোলা হয়েছে। শিশুদের খেলাধুলা ও প্রাথমিক শিক্ষার উপযোগী পরিবেশের পাশাপাশি এখানে অভিজ্ঞ তত্ত্বাবধায়ক রাখা হয়েছে। পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক হবে।

উদ্বোধনের পর সভাপতি ও সংগঠনের নেতারা সেন্টারের বিভিন্ন কক্ষ এবং শিশুদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। বিজিএমইএর কর্মকর্তা-কর্মচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অফিস প্রাঙ্গণে এমন ডে-কেয়ার সুবিধা তাদের কর্মজীবনে স্বস্তি ও ভারসাম্য আনবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিএমইএর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ সোহেল এবং ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

টিএই/এআর