জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ মে ২০২৬, ০৩:৪০ পিএম
দেশের পুঁজিবাজারে আরোপিত ফ্লোর প্রাইসের কারণে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে সংস্থাটি অবিলম্বে ফ্লোর প্রাইস প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
সোমবার (৪ মে) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর পাঠানো এক চিঠিতে এ আহ্বান জানানো হয়। ডিবিএ’র সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ফ্লোর প্রাইস আরোপের ফলে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেড দীর্ঘ সময় ধরে কার্যত লেনদেনবিহীন অবস্থায় রয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-সহ ফ্লোর প্রাইসের আওতায় থাকা বিভিন্ন শেয়ার ৩ মে ফ্লোর প্রাইসে অবস্থান করায় বিক্রেতাদের জন্য স্বাভাবিক লেনদেন কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।
ডিবিএ জানায়, দীর্ঘদিন ধরে ফ্লোর প্রাইস বহাল থাকায় লেনদেন সীমাবদ্ধ হয়ে পড়েছে, যা মার্জিন ঋণ নেওয়া বিনিয়োগকারীদের জন্য নেতিবাচক ইক্যুইটির ঝুঁকি বাড়াচ্ছে। বিষয়টি বাজারের সামগ্রিক স্থিতিশীলতার জন্যও উদ্বেগজনক বলে মনে করছে সংগঠনটি।
এ ছাড়া কৃত্রিম মূল্যসীমা বজায় থাকায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট শেয়ারগুলোর ওপর আরোপিত ফ্লোর প্রাইস অবিলম্বে প্রত্যাহার করে বাজারে স্বাভাবিক লেনদেন পুনরায় চালুর জন্য বিএসইসির প্রতি আহ্বান জানিয়েছে ডিবিএ। সংস্থাটি আশা প্রকাশ করেছে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজারের গতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় নিয়ন্ত্রক সংস্থা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
টিএই/এফএ