images

অর্থনীতি

সাপ্লিমেন্ট আমদানিতে কড়াকড়ি: অনুমোদন ছাড়া এলসি খোলা যাবে না

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ এএম

ডায়েটারি, হারবাল ও নিউট্রিশনাল সাপ্লিমেন্টসহ সম্পূরক খাদ্যপণ্য আমদানিতে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। ঔষধ প্রশাসন অধিদফতরের নিবন্ধন বা পূর্বানুমোদন ছাড়া এসব পণ্যের জন্য কোনো বাণিজ্যিক ব্যাংক এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে পারবে না।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকও বুধবার একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী ডায়েটারি সাপ্লিমেন্ট, হারবাল সাপ্লিমেন্ট, নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, মেডিকেল বা থেরাপিউটিক নিউট্রিশন এবং সম্পূরক পথ্যজাতীয় পণ্যের উৎপাদন, আমদানি, রপ্তানি, বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন বা পূর্বানুমোদন বাধ্যতামূলক। এই বিধান লঙ্ঘন করে পণ্য আমদানি বা বাজারজাত করা দণ্ডনীয় অপরাধ।

নির্দেশনায় উল্লেখ করা হয়, কিছু আমদানিকারক প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বিদেশ থেকে সাপ্লিমেন্ট পণ্য আমদানি করেছে। এ কারণে কাস্টমস কর্তৃপক্ষ এসব পণ্য খালাস বন্ধ রাখে। পরবর্তীতে সংশ্লিষ্ট আমদানিকারকরা হাইকোর্টে রিট আবেদন করলে আদালত পণ্য খালাসের নির্দেশ দেন।

এরপর কাস্টমস কর্তৃপক্ষ বিষয়টি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়ে যায়। আপিল বিভাগ আইন অনুযায়ী নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পণ্য খালাসের নির্দেশনা প্রদান করে।

এই প্রেক্ষাপটে জনস্বার্থ রক্ষা এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে ঔষধ প্রশাসন অধিদপ্তর ব্যাংকগুলোকে অনুরোধ জানিয়েছে, নিবন্ধন সনদ বা পূর্বানুমোদন ছাড়া কোনো সাপ্লিমেন্ট পণ্য আমদানির জন্য এলসি বা টিটি খোলা যাবে না।

টিএই/এএস