জ্যেষ্ঠ প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ১০:২০ পিএম
ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান থেকে পাচার ও আত্মসাৎ করা অর্থ ফেরত আনার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহক ও শেয়ারহোল্ডাররা। তারা বলেছেন, এস আলমসহ শীর্ষ লুটেরাদের গ্রেফতার করে দেশি-বিদেশে থাকা সম্পদ বাজেয়াপ্ত করতে হবে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ভুক্তভোগী গ্রাহক সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সহস্রাধিক গ্রাহক ও শেয়ারহোল্ডার অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ব্যাংক খাতে সংঘটিত অনিয়ম ও লুটপাটের সঙ্গে জড়িতদের পুনর্বাসনের সুযোগ তৈরি করতে ‘ব্যাংক রেজল্যুশন আইন ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
তারা এই আইন বাতিলের দাবি জানান এবং বলেন, কোনোভাবেই ব্যাংকটি আবারও লুটেরাদের হাতে তুলে দেওয়া যাবে না।
বক্তারা বলেন, পাচার হওয়া অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ব্যাংক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন অধ্যাপক নুর নবী মানিক, ব্যবসায়ী আব্দুর রহমান, মোতাছিম বিল্লাহ, রফিকুল ইসলাম, আনিসুর রহমান, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, আবু ইউসুফ ও কামরুজ্জামান পলাশসহ আরও অনেকে।
এসময় অংশগ্রহণকারীরা ‘ইসলামী ব্যাংক দখলের পায়তারা বন্ধ করো’, ‘ব্যাংক দখলের কালো আইন বাতিল করো’, ‘এস আলম নো মোর’—এ ধরনের বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
মানববন্ধন শেষে ভুক্তভোগী গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়।
এর মধ্যে রয়েছে— এস আলম ও তার সহযোগীদের পুনঃপ্রবেশ রোধ, পাচার ও আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার, ব্যাংক লুটেরাদের দ্রুত বিচার, বৈধ মালিকানা পুনঃপ্রতিষ্ঠা এবং বিতর্কিত আইনগত সুবিধা বাতিল।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
টিএই/এএইচ