images

অর্থনীতি

জ্বালানি সংকট ও বিনিয়োগ কমায় শিল্পখাত নিয়ে সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল ২০২৬, ০২:১৮ পিএম

দেশের শিল্প ও ব্যবসা খাত বর্তমানে কঠিন সময় পার করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তার মতে, জ্বালানি সংকট, উচ্চ সুদহার এবং নতুন বিনিয়োগে স্থবিরতা এখন অর্থনীতির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁও-এ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভাটির আয়োজন করে এফবিসিসিআই, যেখানে ‘জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শ কমিটির ৪৬তম সভা’ অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, শুধু নতুন বিনিয়োগ নয়, বিদ্যমান শিল্প ও ব্যবসা টিকিয়ে রাখাও এখন বড় চ্যালেঞ্জ। অর্থনীতিকে গতিশীল করতে সরকার বেসরকারি খাতের মতামতকে গুরুত্ব দিচ্ছে এবং আসন্ন বাজেটে তাদের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করা শুধু অর্থনৈতিক নিরাপত্তার জন্য নয়, বরং সামগ্রিক উন্নয়নের জন্যও জরুরি। ব্যাংকিং ব্যবস্থা ও লজিস্টিক খাতেও নানা সমস্যা রয়েছে, যা সমাধানে বেসরকারি খাতের কাছ থেকে বাস্তবসম্মত প্রস্তাব প্রত্যাশা করছে সরকার।

কর-জিডিপি অনুপাত বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি বৃদ্ধি করা না গেলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। এজন্য রাষ্ট্র ও ব্যবসায়ী—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় তিনি দেশের স্বর্ণখাতের সম্ভাবনাও তুলে ধরেন। জানান, এই খাতকে সুশৃঙ্খল ও আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনা গেলে বছরে ১২ থেকে ১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান এবং পরিচালনা করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (চলতি দায়িত্ব) আব্দুর রহিম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও দেশের শীর্ষ ব্যবসায়ী ও বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা সভায় অংশ নেন।

এমআর/এআরএম