images

অর্থনীতি

বৈশ্বিক বাণিজ্যে টিকে থাকতে সক্ষমতা বাড়ানোর তাগিদ বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পিএম

বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর নোটিফিকেশন সংক্রান্ত বাধ্যবাধকতা যথাযথভাবে পালনে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (২৭ এপ্রিল) সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘ন্যাশনাল ট্রেনিং অন ডব্লিউটিও নোটিফিকেশন রিকয়ারমেন্টস’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডব্লিউটিও’র নিয়ম মেনে চলা, হালনাগাদ থাকা এবং বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে নোটিফিকেশন একটি অপরিহার্য উপাদান।

এটি ডব্লিউটিও’র গুরুত্বপূর্ণ টুলবক্সের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নোটিফিকেশন সঠিকভাবে বজায় রাখতে পারলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় আরও কার্যকরভাবে অংশগ্রহণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সময়োপযোগী এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বাণিজ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, আইটিটিসি (ITTC)-এর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ ধরনের উদ্যোগ দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন শিক্ষামূলক প্ল্যাটফর্ম আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, গত তিন দশকের বেশি সময় ধরে বৈশ্বিক সম্প্রদায় সম্মিলিতভাবে যে প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তা আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে। বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই ডব্লিউটিও নতুন উদ্যমে কার্যক্রম পরিচালনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান। এছাড়া ডব্লিউটিও’র এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের হেড অব কাউন্সিলর আইটিটিসি ওসমান আলী খিলজি এবং সেন্ট্রাল ও ইস্টার্ন ইউরোপ, সেন্ট্রাল এশিয়া ও ককেশাস অঞ্চলের হেড অব কাউন্সিলর ড. কেঞ্জা লি মেনটেক বক্তব্য রাখেন।

চার দিনব্যাপী এ প্রশিক্ষণে বিভিন্ন মন্ত্রণালয়ের মোট ৫০ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন। ডব্লিউটিও সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সেশনে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

এমআর/এএস