নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পিএম
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ খাতে বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনে অস্ট্রেলিয়ার বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিদ্যমান শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল রাখা, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমানে সরকারের অন্যতম অগ্রাধিকার। একই সঙ্গে প্রায় ৭ বিলিয়ন ডলারের সম্পদসমৃদ্ধ শিল্পখাতকে কার্যকর করে উৎপাদনমুখী খাতে রূপান্তর এবং বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করাও সরকারের লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানে প্রায় ৫ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার, যা ধারাবাহিকভাবে বাড়ছে।
তিনি জানান, জ্বালানি—বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে বিনিয়োগের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে অস্ট্রেলিয়ার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সবুজ জ্বালানি, উদ্ভাবন ও প্রযুক্তি সহযোগিতার সুযোগগুলো পর্যালোচনা করছে।
তিনি আরও বলেন, বর্তমানে প্রায় ২৮ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় অধ্যয়নরত রয়েছে, যা দুই দেশের শিক্ষা সহযোগিতার শক্তিশালী ভিত্তি তৈরি করেছে।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা ও শিক্ষাবৃত্তি বৃদ্ধি, ট্রেড নেগোশিয়েশন সক্ষমতা উন্নয়ন এবং অবকাঠামো খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।
এমআর/এএইচ