images

অর্থনীতি

গুয়াংজু সোর্সিং ফেয়ারে ডিসিসিআই প্রতিনিধিদল, নতুন বাণিজ্য সম্ভাবনা

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

নতুন বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত সোর্সিং ফেয়ারে অংশ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর একটি প্রতিনিধিদল। সংগঠনটির ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ৬ষ্ঠ গুয়াংজু সোর্সিং ফেয়ারে যোগ দেন। ডিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

মেলায় আয়োজিত বিটুবি ম্যাচমেকিং সেশনে প্রতিনিধিদলটি চীনের প্রায় ১৫০টি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ বিষয়ক তথ্য আদান-প্রদানের সুযোগ পায়। এসব প্রতিষ্ঠানের মধ্যে হার্ডওয়্যার ও টুলস, অটোমোবাইল, মোটরসাইকেল ও আনুষঙ্গিক পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি এবং নির্মাণসামগ্রী খাতের সরবরাহকারীরা অংশ নেয়।

ফেয়ার উপলক্ষে আয়োজিত সাপ্লাইচেইন বিষয়ক এক দ্বিপাক্ষিক আলোচনা সভায় রাজিব এইচ চৌধুরী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক অংশীদারিত্ব রয়েছে, যা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের মতো খাতকে অন্তর্ভুক্ত করেছে।

তিনি জানান, ২০২৫ অর্থবছরে দুই দেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৮ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশের আমদানি ছিল ১৮ দশমিক ২০ বিলিয়ন ডলার এবং রপ্তানি ৬৯৪ দশমিক ৪৯ মিলিয়ন ডলার।

রাজিব এইচ চৌধুরী টেক্সটাইল ও টেক্সটাইলজাত পণ্য, যান্ত্রিক সরঞ্জাম, রাসায়নিক, ধাতু, প্লাস্টিক, খনিজ ও উদ্ভিজ পণ্য খাতে চীনা উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

এদিকে, পলি জিনহান এক্সিবিশন ও পলি ইভেন্টসের পরিচালক নিকোল ফ্যান বলেন, চীন ও বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে সংযোগ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি বাংলাদেশি উদ্যোক্তা এ সোর্সিং ফেয়ারে অংশ নেবেন।

তিনি আরও বলেন, এ মেলার মাধ্যমে বাংলাদেশের ব্যবসায়ীরা চীনের বিস্তৃত সরবরাহকারী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি নতুন সহযোগিতার সুযোগ খুঁজে পাবেন।

টিএই/এআর