জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৬, ১০:৫৩ পিএম
ঢাকায় শুরু হতে যাচ্ছে দেশের অটোমোটিভ শিল্পের সবচেয়ে বড় ও সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন ২০২৬’। আগামী ২৩ এপ্রিল থেকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী শুরু হবে। তিন দিনব্যাপী এই মেলা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এই তথ্য জানিয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের গ্রুপ সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৩ এপ্রিল দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এবারের ঢাকা অটো সিরিজের অধীনে একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘১৯তম ঢাকা মোটর শো ২০২৩’, ‘১৬তম ঢাকা বাইক শো ২০২৩’, ‘৯ম ঢাকা অটো পার্টস শো ২০২৩’, ‘৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৩’ এবং ‘৩য় ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৩’।
এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১০টি দেশের ৭০টিরও বেশি কোম্পানি ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হোন্ডা, এমজি, প্রোটন, চাংগান, গ্যাক মোটরস, ডংফেনসহ বিভিন্ন খ্যাতনামা ব্র্যান্ডের গাড়ি প্রদর্শিত হবে। এছাড়া টু-হুইলার ও বাণিজ্যিক যানবাহনের বড় সংগ্রহ থাকবে এই প্রদর্শনীতে।
সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম বলেন, "বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিকল্প জ্বালানি উৎস হিসেবে ইলেকট্রিক ভেহিকল (ইভি) বা বৈদ্যুতিক যানবাহনের গুরুত্ব বাড়ছে। এই প্রদর্শনী দেশের অটোমোটিভ শিল্পকে আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করবে এবং শিল্পখাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।"
আয়োজকরা জানান, এই প্রদর্শনী অটোমোবাইল ক্রেতা, বিক্রেতা এবং উদ্যোক্তাদের জন্য একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক জ্ঞান বিনিময় ও ব্যবসা প্রসারের সুযোগ সৃষ্টি হবে।
টিএই/এআর