নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পিএম
গত শুক্রবার (১০ এপ্রিল) ভারত থেকে দিনাজপুরের পার্র্বতীপুরে পৌঁছায় ৮ হাজার মেট্রিক টন ডিজেল। চলতি মাসজুড়ে অর্থাৎ এপ্রিলে প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আসবে বলে জানা গেছে।
আসামের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েল পিএলসি’র পার্বতীপুর ডিপোতে এই ডিজেল সরবরাহ করা হচ্ছে।
তথ্যটি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম।
তিনি জানান, এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ৮ হাজার টন পৌঁছেছে এবং আগামীকাল আরও ৫ হাজার টন ডিজেল পাম্পিং শুরু হবে। পাম্পিং শুরু হলে চার-পাঁচ দিনের মধ্যে ৫ হাজার টনের পুরো চালান পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
রবিউল আরম আরও বলেন, ভারত থেকে পরিশোধিত ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। পাম্পিং কার্যক্রম অব্যাহত থাকলে পর্যায়ক্রমে পুরো চালান দেশে পৌঁছাবে এবং পরবর্তী পাম্পিং দ্রুত শুরু করা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, এপ্রিল মাসের মধ্যেই সম্পূর্ণ ২৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে। বর্তমানে পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। ফলে কোনো ধরনের সংকটের আশঙ্কা নেই বলেও জানান মেঘনা পেট্রোলিয়ামের এই কর্মকর্তা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ হাজার টন আসার পর পরবর্তী দুই ধাপে ৭ হাজার ও ৫ হাজার টন করে ডিজেল আমদানি করা হবে।
উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পার্বতীপুর ডিপো দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন এই আমদানির ফলে জ্বালানির সরবরাহ পরিস্থিতি আরও স্থিতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি আমদানির ফলে পরিবহন ব্যয় হ্রাস পাচ্ছে। পাশাপাশি সরবরাহে ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের আমদানির পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে ১১ ও ২৩ মার্চ দুই দফায় পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন করে ১০ হাজার মেট্রিক টন এবং ১ এপ্রিল আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে।
এভাবে মার্চ মাসে তিন দফায় ১৭ হাজার মেট্রিক টন ডিজেল ভারত থেকে আমদানি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এপ্রিল মাসে ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া চলছে।
এএইচ