নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল ২০২৬, ১০:২০ এএম
পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট কারিগরি সমস্যার পরিপ্রেক্ষিতে মার্চ-২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (১৫ এপ্রিল) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য সংকটে বিকল্প উৎস থেকে জ্বালানি তেল আমদানি করছে সরকার: অমিত
জনস্বার্থে গৃহীত এ সিদ্ধান্ত অনুযায়ী, ই-ভ্যাট সিস্টেমে মার্চ ২০২৬ কর মেয়াদের রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এ সময় বৃদ্ধি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেমের আপগ্রেডেশন কার্যক্রমের কারণে করদাতারা যাতে নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘ্নে রিটার্ন দাখিল করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমআর/এআরএম