জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ এএম
ছেঁড়া, ফাটা বা ময়লাযুক্ত নোট গ্রাহকদের কাছ থেকে বদলে দেওয়ার বিষয়ে সব বাণিজ্যিক ব্যাংককে কড়াকড়ি নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিটি শাখায় এ জন্য আলাদা কাউন্টার চালু করার কথাও বলা হয়েছে।
নির্দেশনা অমান্য করে কোনো শাখা যদি গ্রাহকের ছেঁড়া নোট বদল করতে অস্বীকৃতি জানায়, তাহলে সংশ্লিষ্ট শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার জারি করা এক সার্কুলারে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। এতে বিষয়টিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
সার্কুলারে বলা হয়, বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের পরিমাণ বাড়ছে। যদিও এসব নোট বদলে দেওয়ার বিষয়ে আগে থেকেই নির্দেশনা রয়েছে, তবুও পরিস্থিতির উন্নতি হয়নি।
এ প্রেক্ষাপটে ৫, ১০, ২০ ও ৫০ টাকার ক্ষতিগ্রস্ত নোট দ্রুত বদলে দিতে ব্যাংকগুলোকে বিশেষ কাউন্টার চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
টিএই/এমআর