নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পিএম
চলমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের লক্ষ্যে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রীকে। পাশাপাশি অর্থ বিভাগ, বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবরাও এতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার সমন্বয়ের বিষয়টি বিস্তারিতভাবে পর্যালোচনা করে মন্ত্রিসভার বৈঠকের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব প্রণয়ন করবে এই কমিটি। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রভাব বিবেচনায় এনে একটি কার্যকর ও বাস্তবসম্মত সুপারিশ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
কমিটি প্রয়োজন হলে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে বলেও জানানো হয়েছে।
এছাড়া বিদ্যুৎ বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এএইচ/ক.ম