images

অর্থনীতি

ঢাকায় টেক্সটাইল-গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শনী আয়োজনে সমঝোতা চুক্তি

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল ২০২৬, ১০:৪৪ পিএম

ঢাকায় আন্তর্জাতিক মানের টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শনী যৌথভাবে আয়োজনের লক্ষ্যে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), শাংহাই টেক্সটাইল অ্যাসোসিয়েশন, লিংক ওয়েল এক্সিবিশন কোম্পানি লিমিটেড এবং ইকো এক্সপো বাংলাদেশ।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক সই হয়।

সমঝোতা স্মারক অনুযায়ী, সংশ্লিষ্ট চারটি প্রতিষ্ঠান যৌথভাবে প্রদর্শনীর পরিকল্পনা, আয়োজন, প্রচার এবং সার্বিক ব্যবস্থাপনায় সমন্বিতভাবে কাজ করবে। এর মাধ্যমে দেশের বস্ত্র ও পোশাক খাতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিটিএমএর সাবেক সহ-সভাপতি এবং ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শনী বিষয়ক কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন বিটিএমএ’র পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। অন্য তিন প্রতিষ্ঠানের পক্ষে যথাক্রমে ফ্যান শেং বিন, লু শাও ইং এবং এমডি রাজওয়ানুর রহমান সই করেন।

সমঝোতা স্মারকের আওতায় প্রতি বছর যৌথভাবে এই আন্তর্জাতিক প্রদর্শনী আয়োজন করা হবে। প্রদর্শনীর মাধ্যমে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পে ব্যবহৃত আধুনিক যন্ত্রপাতি, সর্বশেষ প্রযুক্তি এবং উদ্ভাবনসমূহ তুলে ধরা হবে।

সংশ্লিষ্টরা জানান, এই কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস যন্ত্রপাতি প্রদর্শনীকে একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। এতে শিল্পখাতে উদ্ভাবন বাড়বে, বাণিজ্যিক সুযোগ সম্প্রসারিত হবে এবং টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।

আগামী ১৬ থেকে ১৯ ডিসেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় প্রদর্শনীটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকরা আশা করছেন, এ আয়োজন দেশীয় প্রস্তুতকারকদের সঙ্গে বৈশ্বিক প্রযুক্তি সরবরাহকারীদের সংযোগ স্থাপন এবং বস্ত্র ও পোশাক শিল্পের আধুনিকায়ন ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। -বিজ্ঞপ্তি 

এমআর/ক.ম