images

অর্থনীতি

বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে অভিযান জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম

দেশের বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার বাণিজ্য পরামর্শক আবু সালেহ মোহাম্মাদ ইমরান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, সরকার নির্ধারিত মূল্য কঠোরভাবে বাস্তবায়নে তদারকি জোরদার করতে হবে এবং কোনো অনিয়ম পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, কিছু এলাকায় নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এতে ভোক্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে আমলে নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

এ প্রেক্ষিতে জারি করা এক নির্দেশনায় অতিরিক্ত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি প্রতিরোধে মাঠপর্যায়ে অভিযান পরিচালনা এবং প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার মনিটরিং আরো জোরদার করারও নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


এমআর/এফএ