নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম
পণ্য আমদানির ক্ষেত্রে কাস্টমসে আর বাণিজ্যিক ইনভয়েসের কাগজ জমা দিতে হবে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে দুটি গুরুত্বপূর্ণ অনলাইন ব্যবস্থার সংযোগ স্থাপনের মাধ্যমে এখন থেকে ইনভয়েসের তথ্য সরাসরি অনলাইনে পাওয়া যাবে। এতে আমদানি পণ্য খালাস প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পণ্য আমদানির ক্ষেত্রে রফতানিকারকের ইস্যুকৃত বাণিজ্যিক ইনভয়েসকে সকল বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এক ও অভিন্ন বিন্যাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন ব্যবস্থাপনা পদ্ধতি থেকে সরাসরি কাস্টমসের স্বয়ংক্রিয় পণ্য ব্যবস্থাপনা পদ্ধতিতে পাঠানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংক যৌথভাবে দুটি ব্যবস্থার আন্তঃসংযোগ স্থাপন করেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে আন্তঃসংযোগ কার্যক্রমের পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এ কার্যক্রম উদ্বোধন করেন।
এর আগে ব্যাংক কর্তৃক প্রত্যায়িত বাণিজ্যিক ইনভয়েস কাস্টমসে কাগজ আকারে জমা দিতে হতো। নতুন ব্যবস্থায় বাংলাদেশ ব্যাংকের অনলাইন পদ্ধতি থেকে সরাসরি কাস্টমসের অনলাইন পদ্ধতিতে ইনভয়েসের সব তথ্য পাওয়া যাবে। ফলে কাস্টমস অফিসে গিয়ে ইনভয়েসের কাগজ জমা দেওয়ার প্রয়োজন হবে না।
জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হলে পর্যায়ক্রমে বিল অব এন্ট্রিতে বাণিজ্যিক ইনভয়েস সংযোজন বাধ্যতামূলক করা হবে।
কর্তৃপক্ষ মনে করছে, বাণিজ্যিক ব্যাংকগুলোর সহযোগিতায় বাস্তবায়িত এই উদ্যোগ কাগজবিহীন কাস্টমস ব্যবস্থা চালুর পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর মাধ্যমে দেশের আমদানি–রপ্তানি বাণিজ্য সহজীকরণ ও কাস্টমস ব্যবস্থার আধুনিকায়ন আরও ত্বরান্বিত হবে।
এমআর/এআর