নিজস্ব প্রতিবেদক
০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৭ এএম
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে ঢাকা সফরে এসেছেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন।
নতুন সরকার গঠনের পর তার এই সফরকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সোমবার (৬ এপ্রিল) থেকে তার সফরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। সফরকালে বাণিজ্য, অর্থনৈতিক উন্নয়ন, উচ্চশিক্ষা, বিমান চলাচল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।
সফরের অংশ হিসেবে ব্যারোনেস উইন্টারটন সংশ্লিষ্ট মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রবৃদ্ধি, বিনিয়োগ বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এছাড়া তিনি বাংলাদেশে কার্যরত যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সফরের অন্যতম লক্ষ্য হলো দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা খুঁজে বের করা এবং বিনিয়োগ সহযোগিতা আরও শক্তিশালী করা।
সফরসূচির অংশ হিসেবে তিনি এমন কয়েকটি রফতানিমুখী প্রতিষ্ঠান পরিদর্শন করবেন, যারা যুক্তরাজ্যের ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম (ডিটিসিএস) সুবিধার আওতায় পণ্য রফতানি করছে। এই সুবিধার মাধ্যমে বাংলাদেশ শুল্কমুক্ত বাজারে প্রবেশাধিকার, সহজ রফতানি নীতিমালা এবং পণ্যের বৈচিত্র্য বাড়ানোর সুযোগ পাচ্ছে। বর্তমানে এই স্কিমের আওতায় বাংলাদেশ সবচেয়ে বড় সুবিধাভোগী দেশগুলোর একটি।
সফর প্রসঙ্গে ব্যারোনেস উইন্টারটন বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও শক্তিশালী সম্পর্ক রয়েছে। নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি করে দুই দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও এগিয়ে নেওয়ার বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বলেন, এই সফর দুই দেশের বিদ্যমান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বৃহৎ রফতানি বাজার এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন ও বিনিয়োগ সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে।
এমআর/এআরএম