images

অর্থনীতি

প্রবাসী আয় দৈনিক হাজার কোটি টাকা ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি বছরের মার্চে। সদ্য শেষ হওয়া মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩ দশমিক ৭৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই প্রবাহ এপ্রিলেও অব্যাহত রয়েছে। মাসের প্রথম চার দিনেই দেশে এসেছে ৩৩ কোটি ৯০ লাখ ডলার।

বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৪ হাজার ১৩৫ কোটি ৮০ লাখ টাকা, প্রতি ডলার ১২২ টাকা ধরে। সে হিসাবে দৈনিক গড়ে এক হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স আসছে দেশে।

রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিলের একই সময়ে, অর্থাৎ প্রথম চার দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ৬ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে এ বছর একই সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৪২৫ দশমিক ৩০ শতাংশ।

আরও পড়ুন: ন্যাশনাল ব্যাংকের নতুন পরিচালক তাবিথ আউয়াল ও নাজনীন আহমেদ

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৬৫৪ কোটি ৮০ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ১৮৫ কোটি ডলার।

বিশ্লেষকেরা বলছেন, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে সরকারের প্রণোদনা, হুন্ডির বিরুদ্ধে নজরদারি জোরদার এবং প্রবাসীদের ব্যাংকিং চ্যানেল ব্যবহারে উৎসাহ দেওয়ার ফলে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

এআর