images

অর্থনীতি

৭ ব্রোকারেজ হাউজ পরিদর্শনে ডিএসইকে নির্দেশ বিএসইসির

নিজস্ব প্রতিবেদক

০৫ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পিএম

মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে সাতটি ব্রোকারেজ হাউজের কার্যক্রম পরিদর্শনের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। পরিদর্শন শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দিতে বলা হয়েছে।

বিষয়টি নিয়ে বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের পক্ষ থেকে সম্প্রতি ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

পরিদর্শনের আওতায় থাকা ব্রোকারেজ হাউজগুলো হলো— আহমেদ ইকবাল হাসান সিকিউরিটিজ লিমিটেড, শেলটেক ব্রোকারেজ লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, মার্চেন্ট সিকিউরিটিজ লিমিটেড, জেকেসি সিকিউরিটিজ লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং গ্লোব ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনটেক কোম্পানি লিমিটেড।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি ও ৪ মার্চ ডিএসই থেকে কমিশনে চিঠি পাঠানো হয়। এসব চিঠিতে স্টক-ব্রোকার ও স্টক-ডিলারের নিবন্ধন সনদ নবায়ন এবং মার্জিন ঋণ ব্যবস্থাপনায় অনিয়ম তুলে ধরা হয়। কমিশনের সিদ্ধান্তে বলা হয়েছে, পরিদর্শনের সময় মার্জিন রুল, ১৯৯৯ এবং ২০২২ সালের ২০ মে জারি করা নির্দেশনা অনুসরণ করা হচ্ছে কি না যাচাই করতে হবে।

সংশ্লিষ্ট অনিয়মের পাশাপাশি অন্য কোনো ত্রুটি ধরা পড়লে সেগুলোও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। এছাড়া ফরম-ছ দাখিল সংক্রান্ত তথ্য অনুযায়ী, কয়েকটি ব্রোকারেজ হাউজ মার্জিন সংক্রান্ত বিধি যথাযথভাবে অনুসরণ করছে না। তাই তাদের কার্যক্রম যাচাই করে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।

এমআর/এআর