নিজস্ব প্রতিবেদক
০৫ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন-ওএইচআরএলএলএসের জ্যেষ্ঠ প্রতিনিধি রাবাব ফাতিমার সঙ্গে বৈঠক করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (০৫ এপ্রিল) আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রাজুয়েশনের সময়সীমা পেছানোর পরবর্তী চ্যালেঞ্জ এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশ পরিকল্পিতভাবে ধাপে ধাপে এলডিসি উত্তরণ সম্পন্ন করতে চায়, যাতে দেশের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পক্ষেত্রে ঝুঁকি না আসে। এ ক্ষেত্রে উন্নয়ন সহযোগীদের ধারাবাহিক সহায়তা গুরুত্বপূর্ণ।
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি প্রশংসা করেন এবং উল্লেখ করেন, এলডিসি গ্রাজুয়েশন পেছানো ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/এএস