নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ১২:৫১ পিএম
বাজারে সরবরাহ বাড়লেও চড়া দামে বিক্রি হচ্ছে সব প্রায় সব ধরনের সবজি । অধিকাংশ সবজির দাম ১০০ থেকে ১২০ টাকার মধ্যে রয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ ক্রেতারা।
আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
কাঁচা বাজারগুলোতে দেখা যায়, সবজির বাজারে নেই স্বস্তি। ঈদের আগের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ঢ্যাঁড়শ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে, পটোল ১০০ টাকায়, মরিচ ১০০–১২০, ঝিঙ্গা ও চিচিঙ্গা ১০০–১২০ টাকায়, উচ্ছে ১০০, বরবটি ১০০, লেবু প্রতি হালি ৫০–৬০, টমেটো ৭০–৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে করলা ১৬০ টাকা, লাউ ৮০ টাকা, গোল বেগুন ১৬০ টাকা এবং লম্বা বেগুন ১০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
এছাড়া শিম ৫০–৭০ টাকা, ছোট মিষ্টি কুমড়া প্রতিটি ৬০–৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকায় এবং গাজর ৫০–৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা বলছেন, সরবরাহে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে। পাইকারি বাজারেও দাম কিছুটা বেড়েছে, যার প্রভাব খুচরা বাজারে পড়ছে। সেই সঙ্গে ঈদের পর জ্বালানি সংকট ও পরিবহণ খরচের কারণে বাজারে অস্বস্তি তৈরি হয়েছে।
হাতিলপুলে বাজার করতে আসা রফিকুল ইসলাম জানান, সবজির দাম বেড়েছে। কিছু কিছু সবজিতে ১৫–২০ টাকা বৃদ্ধি পেয়েছে। বাজার মনিটরিং ঠিকভাবে হওয়া প্রয়োজন। আশা করি সরকার নিত্যপণ্যের বাজারের দিকে নজর দেবে।
একই সঙ্গে আরেক ক্রেতা বলেন, নতুন সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। সবকিছু যেন সহজে পাওয়া যায়। চাষীরা সবজি কম দামে বিক্রি করেন, কিন্তু ঢাকার বাজারে দাম বেশি। চাষীর দাম আর ঢাকার বাজারের দামে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
এসএইচ/এআর