নিজস্ব প্রতিবেদক
০২ এপ্রিল ২০২৬, ০২:৩৫ পিএম
সারাদেশে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, উদ্ধার করা জ্বালানির মধ্যে ডিজেলের পরিমাণ সবচেয়ে বেশি। যার পরিমাণ ২ লাখ ৭১ হাজার ৩৭৪ লিটার। এ ছাড়া ৩০ হাজার ৯৬০ লিটার অকটেন ও ৭০ হাজার ৫৪ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
অবৈধ মজুত, পাচার ও সরবরাহে কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
তারা জানায়, নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিভাগটি আরও জানায়, বাজারে জ্বালানির স্বাভাবিক সরবরাহ বজায় রাখা ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এমআর