নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ০২:০৯ পিএম
বাংলাদেশের তৈরি পোশাক খাত টেকসই ও পরিবেশবান্ধব উৎপাদনে নতুন অগ্রগতি অর্জন করেছে। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (USGBC) আরো পাঁচটি তৈরি পোশাক কারখানাকে লিড (LEED) সনদ দিয়েছে। নতুন এই স্বীকৃতির মাধ্যমে দেশে সবুজ কারখানার সংখ্যা বেড়ে ২৮০টিতে পৌঁছেছে।
বর্তমানে ১১৮টি কারখানা প্লাটিনাম রেটিং এবং ১৪৩টি কারখানা গোল্ড রেটিং অর্জন করেছে। পাশাপাশি বিশ্বের সর্বোচ্চ স্কোরপ্রাপ্ত শীর্ষ ১০০টি লিড কারখানার মধ্যে বাংলাদেশের ৫২টি কারখানা স্থান করে নিয়েছে। এটি দেশের পোশাক খাতের টেকসই উৎপাদন ও আন্তর্জাতিক মানদণ্ডে অগ্রগতির প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।
নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (ইউনিট–৭) ৬৭ স্কোর পেয়ে লিড গোল্ড, সুরমা গার্মেন্টস লিমিটেড ৭১ স্কোর পেয়ে লিড গোল্ড, নাফা অ্যাপারেলস লিমিটেড (ইউনিট–০২) ৬৫ স্কোর পেয়ে লিড গোল্ড, উইন্টার ড্রেস লিমিটেড ৮৫ স্কোর পেয়ে লিড প্লাটিনাম এবং মেহের গার্মেন্টস লিমিটেড ৮৯ স্কোর পেয়ে লিড প্লাটিনাম ক্যাটাগরিতে স্বীকৃতি অর্জন করেছে।
বিশ্লেষকদের মতে, পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা, জ্বালানি ও পানির দক্ষ ব্যবহার এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের কারণে বাংলাদেশের পোশাক শিল্প ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। নতুন এই স্বীকৃতি দেশের সবুজ শিল্পায়নকে আরো উৎসাহিত করবে এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।
এমআর/এফএ