নিজস্ব প্রতিবেদক
২৯ মার্চ ২০২৬, ১০:৪১ এএম
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ২০২৫–২০২৬ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিল এবং সময় বৃদ্ধির অনলাইন আবেদনে ব্যাপক সাড়া মিলেছে। ইতোমধ্যে ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি ব্যক্তি করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন।
রোববার (২৯ মার্চ) সকালে এনবিআর গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
এনবিআর জানিয়েছে, চলতি করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই সময়ের মধ্যে কেউ রিটার্ন দাখিল করতে না পারলে, ৩১ মার্চের আগেই লিখিত বা অনলাইনে আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার সর্বোচ্চ অতিরিক্ত ৯০ দিন সময় অনুমোদন করতে পারবেন।
রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে এনবিআর ই-রিটার্ন সিস্টেমে “Time Extension” মেন্যু চালু করেছে। এর মাধ্যমে করদাতারা ঘরে বসেই অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করতে পারছেন। গত কয়েক দিনে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে সময় বৃদ্ধির আবেদন করেছেন এবং বেশিরভাগ আবেদন স্বল্প সময়ের মধ্যেই অনুমোদন দেওয়া হয়েছে।
এনবিআর আরও জানিয়েছে, অনলাইনে আবেদন অনুমোদন হলে বর্ধিত সময়ের মধ্যে কোনো জরিমানা বা অতিরিক্ত কর ছাড়াই রিটার্ন দাখিল করা যাবে। তবে এ সুবিধা পেতে হলে করদাতাকে অবশ্যই আগামী ৩১ মার্চের আগে সময় বৃদ্ধির আবেদন করতে হবে।
যেসব করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয়, তারা চাইলে অনলাইনে অথবা সংশ্লিষ্ট কর সার্কেলে সরাসরি লিখিত আবেদন করেও সময় বৃদ্ধির অনুমতি নিতে পারবেন।
এছাড়া, যারা এখনো ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেননি, তাদের নিজ নামে বায়োমেট্রিক সিম ব্যবহার করে আগে নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দিয়েছে এনবিআর।
জরিমানা বা অতিরিক্ত কর এড়াতে সকল ব্যক্তি করদাতাকে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল অথবা প্রয়োজন হলে ৩১ মার্চের মধ্যেই সময় বৃদ্ধির আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
এমআর/এএস