নিজস্ব প্রতিবেদক
২৮ মার্চ ২০২৬, ১১:৫৩ এএম
আগামী ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে অংশীজনদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩১ মার্চ থেকে শুরু হওয়া এ আলোচনা চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।
বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদ, গবেষক, পেশাজীবী ও সাংবাদিকদের সঙ্গে ধারাবাহিকভাবে এসব বৈঠক অনুষ্ঠিত হবে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর ভবনে পর্যায়ক্রমে এসব বৈঠক হবে। সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা বাজেট সংক্রান্ত তাদের প্রস্তাব, সমস্যা ও প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরবেন।
প্রতি বছরের মতো এবারও বাজেট প্রণয়নের আগে অংশীজনদের মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে রাজস্ব কর্তৃপক্ষ। বিশেষ করে ব্যবসায়ী সংগঠনগুলো খাতভিত্তিক কর, শুল্ক ও রাজস্ব সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ উপস্থাপন করবে। এসব মতামত পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী বাজেট প্রস্তাবে অন্তর্ভুক্তির বিষয় বিবেচনা করা হবে।
এনবিআর সূত্র আরো জানিয়েছে, প্রাক-বাজেট আলোচনার পাশাপাশি চলতি মাসের শুরুতেই বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের কাছে লিখিতভাবে বাজেট প্রস্তাব আহ্বান করা হয়েছিল। তাদের ১৫ মার্চের মধ্যে প্রস্তাব জমা দিতে বলা হয়। প্রাপ্ত প্রস্তাবগুলোও আলোচনায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধারাবাহিক বৈঠক শেষে আগামী ২৯ এপ্রিল ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে একটি পরামর্শক সভা হবে। এতে প্রাক-বাজেট আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ সুপারিশ ও পর্যবেক্ষণগুলো পর্যালোচনা করা হবে।
এমআর