images

অর্থনীতি

টানা ছুটি শেষে ব্যাংক লেনদেনে স্বাভাবিক গতি

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৪ মার্চ ২০২৬, ০১:১৬ পিএম

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আবারও শুরু হয়েছে নিয়মিত কার্যক্রম। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হয়, যা চলবে বিকেল চারটা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

দীর্ঘ ছুটির পর প্রথম কর্মদিবসে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ছিল ঈদের শুভেচ্ছা বিনিময়ের আনন্দঘন পরিবেশ। একে অপরের সাথে কোলাকুলি করছেন। তবে গ্রাহকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। অনেকেই ছুটির পর প্রথম দিন নগদ টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি আমদানি-রফতানি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেন।

655463320_2000364550555587_7776498592430344444_n

ব্যাংকাররা জানান, ঈদের ছুটির সময় এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করা হয়েছিল। ফলে গ্রাহকরা নির্বিঘ্নে লেনদেন করতে পেরেছেন। একই সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন সংশ্লিষ্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘ ছুটির পর ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। প্রথম দিন গ্রাহক উপস্থিতি কিছুটা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়বে। আমরা গ্রাহকদের সেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত আছি।’

অন্যদিকে, গ্রাহকদের অনেকে জানান, ছুটির পর প্রথম দিন হওয়ায় ভিড় কম ছিল, ফলে দ্রুত কাজ সম্পন্ন করা গেছে। তবে পুরোপুরি কার্যক্রম স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে।

উল্লেখ্য, দুই দিন ব্যাংক কার্যক্রম চলার পর আবারও স্বাধীনতা দিবসসহ টানা তিন দিনের ছুটিতে পড়বে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। ফলে আগামী সপ্তাহের রোববার থেকে ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

টিএই/এমআই