images

অর্থনীতি

অনলাইনে আড়াই মাসে ২৫ হাজার অনুমোদন জারি এনবিআরের

নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম

বন্ডেড গুদাম লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে সব ধরনের সেবা অনলাইনে দেওয়ার লক্ষ্যে চালু করা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে চলতি বছরের আড়াই মাসেই প্রায় ২৫ হাজার ব্যবহার অনুমতি অনলাইনে জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ড সুবিধাভোগী প্রতিষ্ঠানগুলোর সেবা সহজ ও স্বচ্ছ করতে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে স্বয়ংক্রিয় বন্ড ব্যবস্থাপনা ব্যবস্থা চালু করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে আমদানিকৃত কাঁচামাল ব্যবহারের জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে অনলাইনে ব্যবহার অনুমতি গ্রহণ করছে।

এছাড়া আমদানি ও রপ্তানি–সংক্রান্ত দলিল অনলাইনে যাচাইয়ের জন্য বাংলাদেশ ব্যাংকের অনলাইন ব্যবস্থার সঙ্গে এই ব্যবস্থার সংযোগ স্থাপন করা হয়েছে। ফলে এখন ব্যবহার অনুমতি গ্রহণ করতে বন্ড কমিশনারেটে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন হচ্ছে না। এতে সময় ও ব্যয় উভয়ই কমছে।

জাতীয় রাজস্ব বোর্ড জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যবহার অনুমতি ইস্যু–সংক্রান্ত সব সেবা গ্রহণ ও প্রদানে এই স্বয়ংক্রিয় ব্যবস্থার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর পর থেকে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে ব্যবহার অনুমতি জারি করা হচ্ছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত এ তিন কমিশনারেট থেকে মোট ২৪ হাজার ৯৬৩টি ব্যবহার অনুমতি অনলাইনে জারি করা হয়েছে।

অনলাইনে ব্যবহার অনুমতি ইস্যু কার্যক্রম আরও সহজ ও নির্বিঘ্ন করতে বন্ডেড গুদাম লাইসেন্সধারী প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক, শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর এবং বিজিএমইএ ও বিকেএমইএ’র ই-ইউডি ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড।

জাতীয় রাজস্ব বোর্ড মনে করছে, এ স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে অনলাইনে ব্যবহার অনুমতি সেবা চালুর ফলে শিল্প প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য সময় ও ব্যয় সাশ্রয় হচ্ছে। এতে দেশের রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হচ্ছে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি হচ্ছে।

এছাড়া কাস্টমস প্রশাসনকে আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করতে পর্যায়ক্রমে বন্ড নিরীক্ষাসহ বন্ডেড গুদাম ব্যবস্থাপনার সব সেবা সম্পূর্ণ স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনার উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

এমআর/জেবি