images

অর্থনীতি

২ কোটি টাকার লেনদেনে গরমিল, ইনডেক্স অ্যাগ্রোর তিন কর্মকর্তাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০২৬, ০৫:৫৭ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর আর্থিক লেনদেনে প্রায় ২ কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এ ঘটনায় কোম্পানির একজন পরিচালকসহ তিন কর্মকর্তাকে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসির মার্চ মাসের এনফোর্সমেন্ট অ্যাকশন প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটি তাদের সহযোগী প্রতিষ্ঠান ইনডেক্স কনস্ট্রাকশন লিমিটেডের সঙ্গে উল্লেখযোগ্য অংকের রিলেটেড পার্টি লেনদেন করলেও তা নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক হিসাবমান অনুযায়ী এ ধরনের লেনদেন প্রকাশ করা বাধ্যতামূলক।

এই অনিয়মের দায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহিন বিন মাজহারকে পাঁচ লাখ টাকা, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ইকবাল আহমেদকে এক লাখ টাকা এবং কোম্পানি সচিব আবু জাফর আলীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসইসির পরিদর্শন দল কোম্পানির প্রধান কার্যালয় ও চারটি কারখানা ঘুরে দেখে এবং সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে এসব অনিয়ম শনাক্ত করে। তদন্তে আরও উঠে আসে, কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় স্বার্থের সংঘাত তৈরি হয়েছে। কিন্তু এ তথ্যও আর্থিক প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এছাড়া নির্মাণ ও সিভিল কাজের অনুমোদন প্রক্রিয়াতেও অনিয়ম পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে অনুমোদিত কর্মকর্তার পরিবর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বাক্ষর পাওয়া গেছে। প্রতিযোগিতামূলক কোটেশন প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে কমিশন।

নিরীক্ষক প্রতিষ্ঠান জি কিবরিয়া অ্যান্ড কো. তাদের প্রতিবেদনে কোনো রিলেটেড পার্টি লেনদেন হয়নি বলে উল্লেখ করলেও বিএসইসির তদন্তে ভিন্ন তথ্য উঠে এসেছে, যা নিরীক্ষা প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি করেছে।

বিএসইসি জানিয়েছে, এ ধরনের তথ্য গোপন রাখা বিনিয়োগকারীদের জন্য বিভ্রান্তিকর এবং সিকিউরিটিজ আইন লঙ্ঘনের শামিল। শুনানিতে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই অর্থদণ্ড আরোপ করা হয়। 

এমআর/ক.ম