images

অর্থনীতি

ঈদের জামা বেছে নিলো সহস্রাধিক শিশু

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ০৬:৫০ পিএম

কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়ের ১২ বছর বয়সী বাক ও শ্রবণপ্রতিবন্ধী ছাত্রী কেয়া। তার বাবা একজন ভ্যানচালক। সীমিত আয়ের সংসারে নতুন জামা কেনা সবসময়ই চ্যালেঞ্জ হয়ে আসে। কিন্তু এবার ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’ উদ্যোগে কেয়া তার পছন্দমতো জামা বেছে নিতে পেরেছে। প্রধান শিক্ষিকার মাধ্যমে সাইন ল্যাঙ্গুয়েজে কেয়া জানায়, নিজের পছন্দমতো জামা বেছে নেওয়ার আনন্দে সে ভীষণ উচ্ছ্বসিত।  

শুধু কেয়া নয়; ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’ নামে একটি বিশেষ উদ্যোগে দেশের সহস্রাধিক শিশু নিজেদের পছন্দমতো ঈদের পোশাক বেছে নেওয়ার সুযোগ পেয়েছে। 

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ ইয়ুথ অর্গানাইজেশন (বিওয়াইও) ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’ আয়োজন করা হয়। দেশের ১৩টি জেলায়—কুড়িগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, ভোলা, বগুড়া, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, ঢাকা, রংপুর, গাইবান্ধা, বরিশাল ও টাঙ্গাইল—এই মার্কেট বসানো হয়। এতে শিশুদের পছন্দমতো পোশাক বেছে নেওয়ার সুযোগ দেওয়ায় তারা আনন্দের সঙ্গে আত্মবিশ্বাসও বাড়াতে পারে।

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দিতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, শিশুদের নিজের পছন্দ অনুযায়ী কিছু বেছে নেওয়ার সুযোগ দেওয়া শুধুই আনন্দই দেয় না, এটি তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে। এমন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমরা আনন্দিত।

বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, এক হাজারেরও বেশি শিশু এই উদ্যোগের মাধ্যমে তাদের পছন্দমতো রঙ ও ডিজাইনের ঈদের পোশাক পেয়েছে। দেশের ১৩টি জেলার বিভিন্ন জায়গায় আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

ঈদ এলেই যেখানে সমাজের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত মানুষের কেনাকাটার ব্যস্ততায় জমে ওঠে শপিংমল ও বাজার, সেখানে অনেক সুবিধাবঞ্চিত শিশুর কাছে নতুন পোশাকের আনন্দ অধরাই থেকে যায়। 

গার্ডিয়ান লাইফের এই মানবিক উদ্যোগ সেই বাস্তবতায় এনে দিয়েছে ভিন্ন এক অনুভূতি। ঈদের আগেই নতুন পোশাক পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে উঠেছিল উচ্ছ্বাস, যা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। তাদের উচ্ছ্বসিত হাসিই যেন এই উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি। আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝেও প্রশংসা ও ইতিবাচক সাড়া তৈরি করেছে, যা সমাজে সহমর্মিতা ও মানবিকতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরেছে।

এএইচ/ক.ম