images

অর্থনীতি

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট ভাঙার দাবি ক্যাবের

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ০২:১৬ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট ভেঙে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভোক্তা অধিকার সংশ্লিষ্ট সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।

সংগঠনটির অভিযোগ, বাজারে অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও কারসাজির কারণে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

রোববার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষ্যে দুপুর ১২টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে র‌্যালি ও প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এ কর্মসূচির আয়োজন করে। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি।’

সভায় বক্তারা বলেন, বর্তমানে বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্যের বিস্তার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। অনেক ক্ষেত্রে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট গড়ে তুলে মজুতদারি ও বাজার কারসাজির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করছে।

ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বিশ্বব্যাপী দিবসটি পালিত হলেও বাংলাদেশে তা জাতীয়ভাবে পালন না হওয়া দুর্ভাগ্যজনক। বাজারে সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ছে।

বক্তারা আরও বলেন, ব্যবসায়ীদের মধ্যে নৈতিকতার অভাবের কারণে রোজা ও ঈদকে কেন্দ্র করে বাজার প্রায়ই অস্থিতিশীল হয়ে ওঠে। এ পরিস্থিতি মোকাবিলায় ভোক্তা, সরকার ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া বলেন, ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় সংগঠনটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তিনি বাজার নিয়ন্ত্রণে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

সিপিডি’র সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, উৎপাদন পর্যায় থেকেই নিরাপদ ও সাশ্রয়ী মূল্যে পণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে। পাশাপাশি বড় বাজারগুলোতে সিন্ডিকেট ভেঙে ভেজাল ও বিষাক্ত পণ্যের বিরুদ্ধে কঠোর নজরদারি চালাতে হবে। নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির নিশ্চয়তার ওপরও গুরুত্ব দিতে হবে।

ক্যাব ঢাকা জেলার সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সামছ এ খান (অব.) বলেন, নিত্যপণ্যের বাজারে স্থিতিশীলতা আনতে সরকারকে সিন্ডিকেট ভেঙে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সরকারি দলের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করছে। সরকার যদি তাদের এ সুযোগ বন্ধ করে দেয়, তাহলে অনেকাংশেই সিন্ডিকেট ভেঙে যাবে।

ক্যাবের কোষাধ্যক্ষ ড. মো. মুঞ্জুর-ই-খোদা তরফদার বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং ন্যায্য বাজারব্যবস্থা প্রতিষ্ঠায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

ক্যাবের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, বিশ্ব ভোক্তা-অধিকার দিবস দেশে সরকারিভাবে পালন না হওয়া দুঃখজনক। ভোক্তার অধিকারকে জাতীয়ভাবে গুরুত্ব না দিলে তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে।

অনুষ্ঠানে বক্তারা ভোক্তাদের স্বার্থ রক্ষায় কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে— ভেজাল, নকল ও অনিরাপদ পণ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্যের অযৌক্তিক বৃদ্ধি ও মজুতদারির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ, পণ্যের সঠিক মূল্য ও উৎপাদন-মেয়াদ স্পষ্টভাবে উল্লেখ করা, ভুয়া বিজ্ঞাপন বন্ধ করা, বাজার তদারকি জোরদার করা এবং অনলাইন ও ই-কমার্সে বিক্রি হওয়া পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা।

উল্লেখ্য, ১৯৬২ সালের ১৫ মার্চ মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি ভোক্তাদের মৌলিক অধিকার নিয়ে মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ঘোষণা দেন। সেই ঘটনার স্মরণে ১৯৮৩ সাল থেকে বিশ্বব্যাপী ‘বিশ্ব ভোক্তা-অধিকার দিবস’ পালিত হয়ে আসছে।


এমআর/এফএ