নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম
ই-ভ্যাট সিস্টেমে ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ মার্চ পর্যন্ত ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে।
রোববার (১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দীর্ঘ সময় সরকারি ছুটি থাকায় এবং ই-ভ্যাট সিস্টেমের সেবা কিছুটা ধীরগতির হওয়ায় জনস্বার্থে এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে ই-ভ্যাট সিস্টেমে ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট করদাতারা অতিরিক্ত সময় পেয়ে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর।
এমআর/এফএ