সাখাওয়াত হোসাইন
১১ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। রাজধানীর মার্কেটগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। আধুনিক শপিংমল, ব্র্যান্ড শোরুম এবং অনলাইন বাজারের বিস্তার সত্ত্বেও, নারীদের কাছে নিউমার্কেট এখনও অপ্রতিদ্বন্দ্বী। সাশ্রয়ী দাম, পণ্যের বৈচিত্র্য এবং দরকষাকষির সুযোগ-সব মিলিয়ে এই ঐতিহ্যবাহী মার্কেটকে নারীদের শীর্ষ পছন্দে রূপ দিয়েছে।
নিউমার্কেটের মূল আকর্ষণ হলো পণ্যের বিশাল বৈচিত্র্য। শাড়ি, থ্রি-পিস, সালোয়ার-কামিজ, গাউন, কুর্তি, টপস, ওড়না থেকে শুরু করে ব্যাগ, জুতা ও ফ্যাশন অ্যাকসেসরিজ—সবই এক জায়গায় সহজে পাওয়া যায়। ফলে নারীরা একদিনেই নিজেদের ও পরিবারের জন্য প্রায় সব ধরনের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন। এতে সময় ও শ্রম দুটোই সাশ্রয় হয়।
নিউমার্কেটের পাশেই রয়েছে নূরজাহান, চন্দ্রিমা, ইসলাম ম্যানশন, নূর ম্যানশন, চিশতিয়া সুপার মার্কেট, গাউছিয়া মার্কেট ও চাঁদনী চক। এই মার্কেটগুলোতে সারাদিনই ভিড় থাকে, বিশেষ করে নারী ক্রেতার সংখ্যা বেশি। তুলনামূলকভাবে সাশ্রয়ী দাম এবং দরকষাকষির সুযোগ অনেক নারী ক্রেতার কেনাকাটাকে আরও আনন্দদায়ক করে তোলে।

নিউমার্কেটে গড়ে ওঠা ফুটপাতের দোকানগুলোও কম বাজেটে ফ্যাশন সচেতন তরুণীদের কাছে খুব জনপ্রিয়। স্কার্ফ, ব্যাগ, ট্রেন্ডি পোশাক এবং জুয়েলারি সহজে পাওয়া যায়। ফলে মূল মার্কেটের পাশাপাশি ফুটপাতের বাজারও নারীদের কেনাকাটার একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে।
ঈদের সময় রাজধানীর ঐতিহ্যবাহী এই মার্কেটটির চিত্র আরও প্রাণবন্ত হয়ে ওঠে। দুই ঈদের সময় নিউমার্কেটজুড়ে শুরু হয় কেনাকাটার উৎসব। এই সময় প্রতিদিন হাজার হাজার ক্রেতা ভিড় করেন মার্কেটটিতে।
দেশীয় ফ্যাশনের ক্ষেত্রেও নিউমার্কেটের আলাদা গুরুত্ব রয়েছে। ব্লক প্রিন্ট, বাটিক, হাতের এমব্রয়ডারি বা নকশা করা পোশাক এখানে সহজেই পাওয়া যায়। অনেক ছোট উদ্যোক্তা ও কারিগরের তৈরি পোশাকও নিউমার্কেটের দোকানগুলোতে বিক্রি হয়। ফলে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যনির্ভর পোশাকের একটি বড় বাজার হিসেবেও নিউমার্কেট পরিচিত।
এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে বেচাকেনা জমেছে নিউমার্কেটে। রোজার কারণে দিনের বেলায় ভিড় তুলনামূলক কম থাকলেও সন্ধ্যার পর ক্রেতায় ভরে উঠছে মার্কেট।

পরিবারের জন্য পোশাক কিনতে এসেছেন স্কুল শিক্ষিকা রেহানা খাতুন। ঢাকা মেইলকে তিনি জানান, প্রতিবছর নিউমার্কেটেই ঈদের শপিং করেন তিনি। তার ভাষ্য, এক জায়গায় সব ধরনের পোশাক পাওয়া যায় নিউমার্কেটে। এই মার্কেটে পোশাকের দাম তুলনামূলকভাবে কম। তাছাড়া পোশাকের ডিজাইন ও মানও ভালো। সেইসঙ্গে দামেও সাশ্রয়ী। এজন্য ঈদে এই মার্কেট থেকে পোশাক কেনেন তিনি।
রাজধানীর কলাবাগান এলাকা থেকে তিন সন্তানকে নিয়ে পোশাক কিনতে এসেছেন সাহেনা আক্তার। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘মেয়ের আবদার ছিল চায়না ফেন্সি ফ্রক কিনবে। বাজেটও সীমিত। কয়েকটা মার্কেট ঘুরেছি দাম বেশি চায়। তবে নিউমার্কেটে তুলনামূলক দাম কিছুটা কম এবং সামর্থ্যের মধ্যে আছে। এছাড়া দুই ছেলের জন্য পাঞ্জাবি আর শার্ট-প্যান্টও কিনতে হবে। যদি কম দামে পাই, তাহলে সবার জন্যই কিনব।’
এদিকে ঈদে ক্রেতাদের আকর্ষণ করতে অনেক দোকানে বিশেষ ছাড় ও অফার দেওয়া হচ্ছে।
নিউমার্কেটের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘এই মার্কেটে নারী-পুরুষ সবার সব ধরনের পোশাক আছে। এবছর আগেই ঈদের কেনাকাটা শুরু হয়েছে। এখন পুরোদোমে চলছে বেচা-বিক্রি। কয়েকদিনের মধ্যে বিক্রির পরিমাণ আরও বাড়বে বলে আশা করছি। এবার বিক্রি নিয়ে আমরা আশাবাদী। ক্রেতাদের আমরা স্বল্প লাভে পণ্য দেওয়ার চেষ্টা করছি এবং ক্রেতারা যাতে না ঠকে সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।’
এসএইচ/এমআর