images

অর্থনীতি

জ্বালানি তেলের মজুত ও বেশি দামে বিক্রি ঠেকাতে মোবাইল কোর্ট

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ ২০২৬, ০৬:৪৬ পিএম

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সারাদেশে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

অবৈধ মজুত, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি ও পাচার ঠেকাতে জেলা প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে জ্বালানি তেলের বাজারে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। 

অভিযোগ রয়েছে, অধিক মুনাফার আশায় অনেকেই অবৈধভাবে জ্বালানি তেল মজুত করছেন।

এ পরিস্থিতিতে সরকার ইতোমধ্যে যানবাহনভিত্তিক জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করেছে। তারপরও বিভিন্ন পেট্রল পাম্প ও ফিলিং স্টেশনে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে তেল বিক্রি, অতিরিক্ত মজুত, খোলা বাজারে বিক্রি এবং পাচারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

এ ধরনের অনিয়ম বন্ধ করতে মাঠপর্যায়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুত, অতিরিক্ত দামে বিক্রি, খোলা বাজারে সরবরাহ ও সীমান্ত দিয়ে পাচার বন্ধে এই অভিযান পরিচালনা করা হবে। 

এর মাধ্যমে বাজারে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ভোক্তা পর্যায়ে স্থিতিশীলতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এমআর/এএইচ