নিজস্ব প্রতিবেদক
০৭ মার্চ ২০২৬, ০৯:৪০ পিএম
খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে কিছুটা চাপ সৃষ্টি হলেও দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই।
শনিবার (৭ মার্চ) বিকেলে কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন।
মন্ত্রী বলেন, বিশ্ব বর্তমানে একটি কঠিন সময় অতিক্রম করছে। এই পরিস্থিতিতে বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অপচয় রোধ করা সবার দায়িত্ব। আসন্ন ঈদ মৌসুমে মার্কেটগুলোতে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত আলোকসজ্জা না করার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
আমিন উর রশীদ বলেন, প্রধানমন্ত্রী তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন, সেগুলো দেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
সরকারের এই মন্ত্রী জানান, দেশের চাহিদা মেটাতে অন্তত এক মাসের মতো তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। পাশাপাশি পরবর্তী জাহাজও ইতোমধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল খন্দকার। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
এএইচ/ক.ম