জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ মার্চ ২০২৬, ০৫:৪৩ পিএম
ঢাকার বাদাতলীর মদিনা হিমাগারে প্রায় ১৯ হাজার কেজি মাল্টা সংরক্ষণের জন্য রাখা হলে তা হিমাগার কর্তৃপক্ষ আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে প্রায় ৫০ লাখ টাকার দাবি জানিয়েছে একটি প্রতিষ্ঠান। বিষয়টি থানা মামলা পর্যন্ত গড়াতে যাচ্ছে বলে জানা গেছে।
জানা গেছে, ব্রাদার্স ভিশন নামে একটি প্রতিষ্ঠান গত ১৮ ডিসেম্বর ঢাকার বাদামতলী এলাকার মদিনা হিমাগার লিমিটেডে ১ হাজার ১১৪ কার্টন মাল্টা সংরক্ষণের জন্য রাখে। কথা ছিল দুই মাস পর তারা মাল্টাগুলো নেবেন। কিন্তু তার আগেই সেগুলো নষ্ট হয়ে গেছে দাবি করেছে হিমাগার কর্তৃপক্ষ।
এদিকে ব্রাদার্স প্রতিষ্ঠানটির ম্যানেজার শারাফাত বিশ্বাস সুমন বলেন, মাল্টা সংরক্ষণের প্রায় এক মাস পর তিনি হিমাগারে গিয়ে পণ্যগুলো পরিদর্শন করেন। তখন হিমাগারের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টোরকিপার ফিরোজ মিয়ার উপস্থিতিতে মাল্টাগুলো ভালো অবস্থায় পাওয়া যায়। পরে আরও একবার পরিদর্শন করেও একই অবস্থা দেখা যায়।
অভিযোগে বলা হয়, গত ১৪ ফেব্রুয়ারি হিমাগার কর্তৃপক্ষ ফোন করে জানায়- মাল্টাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরপর পরদিন সেখানে গিয়ে দেখা যায়, ভালো মাল্টার পরিবর্তে পচা মাল্টা রাখা হয়েছে। ভুক্তভোগী প্রতিষ্ঠান ব্রাদার্স ভিশনের দাবি, তাদের ভালো মাল্টা আত্মসাৎ করে সেখানে নষ্ট মাল্টা রেখে দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোতোয়ালি থানাকে জানানো হলে গত ১৮ ফেব্রুয়ারি উভয় পক্ষের উপস্থিতিতে থানায় একটি বৈঠক হয়। সেখানে হিমাগার কর্তৃপক্ষ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করার কথা জানিয়েছিল বলে অভিযোগ করা হয়।
তবে অভিযোগকারীরা বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। বরং গত ১ মার্চ হিমাগার কর্তৃপক্ষ একটি চিঠি পাঠিয়ে দুই দিনের মধ্যে মাল্টা নিয়ে না গেলে তা সিটি করপোরেশনের ময়লার ভাগাড়ে ফেলে দেওয়ার কথা উল্লেখ করেছে।
ব্রাদার্স ভিশনের দাবি, তাদের সংরক্ষিত ১৯ হাজার ২৫৫ কেজি মাল্টার মূল্য প্রায় ৫০ লাখ ৬ হাজার ৩০০ টাকা। এ অর্থ পাঁচ দিনের মধ্যে পরিশোধ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছে।
মদিনা হিমাগার লিমিটেড বলছে, তারা নিয়ম মেনেই ফল সংরক্ষণ করেছে।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মশিউর আলম বলেন, বিষয়টি সমাধানে আমরা উভয়পক্ষকে নিয়ে বসেছিলাম কিন্তু সমাধান হয়নি। এখন ভুক্তভোগী প্রতিষ্ঠানকে মামলা করতে বলেছি।
এমআইকে/এফএ