জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম
বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির সদস্যপদ থেকে অর্থনীতিবিদ সাদিক আহমেদ পদত্যাগ করেছেন। তবে তিনি কী কারণে পদত্যাগ করেছেন, তা জানা যায়নি। সাদিক আহমেদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) ভাইস চেয়ারম্যান ও বিশ্বব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা।
মুদ্রানীতি কমিটির এই সদস্যের পদত্যাগের বিষয়টি অন্যান্য সদস্যদের বুধবার (৪ মার্চ) জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার মুদ্রানীতি প্রণয়ন কমিটির বৈঠক থাকলেও সেটি স্থগিত করা হয়েছে।
অর্থনীতিবিদ সাদিক আহমেদ পদত্যাগের পর যে সদস্যরা মুদ্রানীতি প্রণয়ন কমিটিতে রয়েছেন তারা হলেন, কমিটির চেয়ারম্যান গভর্নর মো. মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।
নীতি সুদহার কমাতে মুদ্রানীতি কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে উচ্চ মূল্যস্ফীতির কারণে ১০ শতাংশ নীতি সুদহার কমানোর পরিকল্পনা ছিল। শূন্য দশমিক ২৫ থেকে শূন্য দশমিক ৫০ বেসিস পয়েন্টে কমিয়ে আনার পরামর্শ দিয়েছিলেন নতুন গভর্নর, যাতে ঋণের সুদহার কমে আসে। কিন্তু হঠাৎ বৈঠককটি স্থগিত করা হয়।
টিএই/ক.ম