নিজস্ব প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬, ০৮:১৪ পিএম
২০২৫–২৬ কর বছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, এ পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। গত বছর নির্ধারিত সময়ের মধ্যে ই-রিটার্ন দাখিলের সংখ্যা ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৫৫।
বুধবার (৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এসব তথ্য জানায়।
বোর্ডের এক বিশেষ আদেশে এ বছর ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
গত ৪ আগস্ট ২০২৫ থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪০ লাখের বেশি ইতোমধ্যে রিটার্ন দাখিল করেছেন।
মাসভিত্তিক হিসাবে আগস্টে ২ লাখ ৫১ হাজার ৭৮৪, সেপ্টেম্বরে ৩ লাখ ১ হাজার ৩০২, অক্টোবরে ৪ লাখ ৫৪ হাজার ৭৬, নভেম্বরে ১০ লাখ ৪০ হাজার ৪৭২, ডিসেম্বরে ৯ লাখ ৭৮ হাজার ১৯৮, জানুয়ারিতে ৬ লাখ ৫৫ হাজার ৩৬৩, ফেব্রুয়ারিতে ২ লাখ ৯৪ হাজার ৯৮৭ এবং মার্চের প্রথম চার দিনে ৩৬ হাজার ৭০০ করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন।
দাখিলকৃত রিটার্নের মধ্যে ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন পুরুষ এবং ১১ লাখ ৩৬ হাজার ৩ জন নারী করদাতা। বেতন খাতে আয় দেখিয়েছেন ১৬ লাখ ১০ হাজার ৭৫০ জন পুরুষ ও ৪ লাখ ৭৮ হাজার ৫৬৬ জন নারী। বাড়িভাড়া খাতে আয় দেখিয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন পুরুষ ও ৮৪ হাজার ৪৭৭ জন নারী।
করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ জন পুরুষ এবং ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন নারী। ৫ থেকে ১০ লাখ টাকা আয় দেখিয়েছেন ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন পুরুষ ও ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন নারী। ১০ থেকে ২০ লাখ টাকা আয় দেখিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন পুরুষ ও ৪৭ হাজার ৫৩২ জন নারী। ২০ থেকে ৪০ লাখ টাকা আয় দেখিয়েছেন ৫৪ হাজার ২১২ জন পুরুষ ও ১১ হাজার ৪৫৫ জন নারী। ৪০ লাখ টাকার বেশি আয় দেখিয়েছেন ২৯ হাজার ৮০ জন পুরুষ ও ৫ হাজার ১১৭ জন নারী।
সম্পদের পরিমাণের ভিত্তিতে সারচার্জ পরিশোধ করেছেন ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ এবং ১১ হাজার ৬৫ জন নারী করদাতা।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও নির্ধারিত তথ্য ই-মেইলে পাঠিয়ে তাঁরা নিবন্ধন করে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এ ছাড়া ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমেও রিটার্ন জমা দেওয়া যাচ্ছে।
কোনো কাগজপত্র আপলোড ছাড়াই আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য প্রদান করে ঘরে বসেই কর পরিশোধের সুযোগ রয়েছে। রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশোধনের ব্যবস্থাও রাখা হয়েছে। এ পর্যন্ত ৫৬ হাজারের বেশি করদাতা সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।
ই-রিটার্ন–সংক্রান্ত সহায়তার জন্য বোর্ডের কল সেন্টারে যোগাযোগের পাশাপাশি ওয়েবসাইট ও কর অঞ্চলের হেল্প ডেস্ক থেকে সেবা নেওয়া যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে রিটার্ন দাখিলের জন্য সব করদাতার প্রতি আহ্বান জানিয়েছে।
এমআর/এআর