মাহফুজুর রহমান
০৩ মার্চ ২০২৬, ০৩:৩৩ পিএম
রাজধানীর বাজারে মাছ-মাংসের দামে আবারও ঊর্ধ্বগতি, কমেছে ব্রয়লার ও কিছু সবজির দাম, ডিমের দামও রয়েছে নাগালের মধ্যেই। মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর নিউমার্কেটে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ২০ টাকা কমলেও সব ধরনের মাছ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে। সোনালি মুরগি কেজিপ্রতি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে এখন ৮০০ টাকা, আর হাড় ছাড়া মাংস বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯০০ টাকায়। খাসির মাংস কিনতে গুনতে হচ্ছে কেজিপ্রতি ১২০০ টাকা। সব মিলিয়ে মাছ-মাংস কিনতে এসে বাড়তি চাপ অনুভব করছেন ক্রেতারা।
অন্যদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। কয়েকদিন আগেও শসা, গাজর, লেবু ও বেগুনের দাম ছিল বেশ চড়া। রোজার আগের দিন প্রতি হালি লেবু ১০০ টাকায় বিক্রি হলেও তা নেমে এসেছে ৪০ থেকে ৫০ টাকায়। বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, যা রোজার আগে ১৫০ টাকা পর্যন্ত উঠেছিল।
শসা ও বেগুনের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে। বর্তমানে শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা এবং বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। সিম, মুলা, গাজর ও পেঁপে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। ফুলকপি ও পাতাকপি বিক্রি হচ্ছে পিসপ্রতি ৪০ থেকে ৪৫ টাকায়।
মাছের বাজারে পাঙ্গাশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা কেজি। তেলাপিয়া ২০০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা, মৃগেল ৩০০ থেকে ৩২০ টাকা। দেশি টেংরা ৪৫০ টাকা, বেলে ২৫০ টাকা, বাইন ৬০০ টাকা, চিংড়ি আকারভেদে ৫৫০ থেকে ১০০০ টাকা, পাবদা ৪০০ টাকা, কই ৩৫০ থেকে ৪০০ টাকা, শিং ৪০০ টাকা, পোয়া ২৬০ টাকা, শৈল ৭০০ টাকা এবং টাকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি বর্তমানে ১৭০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ১৯০ থেকে ২০০ টাকা। সোনালি মুরগির দাম ৩০০ টাকা, যা সাত দিন আগে ছিল ৩২০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজিতে।
নিত্যপণ্য কিনতে আসা আহসানুল হক বলেন, ‘কিছু পণ্যের দাম কমলেও মাছ-মাংস এখনো চড়া। রোজার কারণে বিক্রেতারা কয়েক দফা দাম বাড়িয়ে ভোক্তাদের ওপর চাপ সৃষ্টি করেছেন।’
তিনি আরও বলেন, ‘টানা কয়েকদিন বাড়তি দরে বিক্রি করে এখন ঈদ ঘিরেও মাংসের দামে নতুন করে কারসাজি শুরু হয়েছে। এজন্য বাজার তদারকি জোরদার করা উচিৎ।’
এম/এএইচ