নিজস্ব প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এবারই প্রথম চরাঞ্চলে সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি পাট, বীজ ও সার ইতোমধ্যে কৃষকদের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। দেশে পর্যাপ্ত সার মজুদ রয়েছে কোনো সংকট নেই এবং কৃষকরা যেন সঠিকভাবে সার পান, সে জন্য সর্বোচ্চ তদারকি করা হচ্ছে। কারও সার পেতে কোনো ধরনের অসুবিধা হবে না।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে খরিপ-১ মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, সার ও কৃষি সরঞ্জাম বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনে প্রান্তিক কৃষকরা যেন সব ক্ষেত্রে উপকৃত হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ পদক্ষেপ নেবে। কৃষি উপকরণ সরবরাহ ও ব্যবস্থাপনায়ও কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা উপপরিচালক আশেক পারভেজ, বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প–এর (প্রথম সংশোধনী) প্রকল্প পরিচালক জিয়াউর রহমান, কৃষিবিদ নূরে আলম সিদ্দিকীসহ অন্যান্যরা।
এএইচ/ক.ম