জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ পিএম
ঢাকায় পোশাক শিল্পখাত থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের সম্মানে সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। বৃহস্পতিবার রাজধানীর আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত এমপিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শাহাদাত হোসেন, এমপি (লক্ষ্মীপুর-১); মো. আব্দুল্লাহ, এমপি (মুন্সীগঞ্জ-১); মো. লুৎফর রহমান, এমপি (টাঙ্গাইল-৪); মো. আবুল কালাম, এমপি (কুমিল্লা-৯); মো. খালেদ হোসেন মাহবুব, এমপি (ব্রাহ্মণবাড়িয়া-৩) এবং এরশাদ উল্লাহ, এমপি (চট্টগ্রাম-৮)।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজিএমইএর অফিস বেয়ারার, পরিচালনা পর্ষদের সদস্য, সাধারণ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিরাও এতে অংশ নেন।
সভাপতির বক্তব্যে মাহমুদ হাসান খান নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, পোশাক শিল্প পরিবারের সদস্যদের এই বিজয় পুরো খাতের জন্য গর্বের। তিনি আশা প্রকাশ করেন, সংসদে নিজ নিজ এলাকার উন্নয়ন ইস্যুর পাশাপাশি শিল্পখাতের নানা চ্যালেঞ্জ, উদ্যোক্তাদের সংগ্রাম এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলোও তাঁরা তুলে ধরবেন। রপ্তানি বৈচিত্র্যকরণ, ব্যবসা সহজীকরণ এবং পরিচালন ব্যয় কমাতে নীতিগত সহায়তার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
নবনির্বাচিত সাংসদদের পক্ষে বক্তব্য দেন বিজিএমইএর সাবেক সহসভাপতি মো. লুৎফর রহমান, এমপি। তিনি বলেন, দেশের অর্থনীতিতে পোশাক শিল্পের অবদান আরও জোরদার করতে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে কার্যকর ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহসভাপতি সেলিম রহমান। তিনি বলেন, শিল্পখাত থেকে উঠে আসা প্রতিনিধিদের অভিজ্ঞতা জাতীয় সংসদে শিল্প ও বাণিজ্যবান্ধব নীতি প্রণয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।
পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত ১৬ জন সংসদ সদস্যের মধ্যে রয়েছেন আহম্মদ সোহেল মনজুর (পিরোজপুর-২), মো. লুৎফর রহমান (টাঙ্গাইল-৪), মোহাম্মদ জাকির হোসেন (ময়মনসিংহ-৫), মো. শরীফুল আলম (কিশোরগঞ্জ-৬), আফরোজা খানম (মানিকগঞ্জ-৩), মো. আব্দুল্লাহ (মুন্সীগঞ্জ-১), শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২), খন্দকার আবদুল মুক্তাদীর (সিলেট-১), এস. এম. ফয়সল (হবিগঞ্জ-৪), মো. খালেদ হোসেন মাহবুব (ব্রাহ্মণবাড়িয়া-৩), জাকারিয়া তাহের (কুমিল্লা-৮), মো. আবুল কালাম (কুমিল্লা-৯), মো. আবদুল হান্নান (চাঁদপুর-৪), জয়নুল আবদিন ফারুক (নোয়াখালী-২), মো. শাহাদাত হোসেন (লক্ষ্মীপুর-১) এবং এরশাদ উল্লাহ (চট্টগ্রাম-৮)।
সংবর্ধনা অনুষ্ঠানের পর দেশ ও জনগণের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
টিএই/এআর