জ্যেষ্ঠ প্রতিবেদক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
বাংলাদেশ ব্যাংকে বুধবার ঘটে যাওয়া মবের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন গভর্নর বলেছেন তিনি বাংলাদেশ ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠা করবেন। যেসব কর্মকর্তা এই মব কালচারের সঙ্গে জড়িত এইচআর পলিসি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে বেলা পৌনে ১১টায় তিনি কেন্দ্রীয় ব্যাংকে যোগদান করেন এবং পরে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মুখপাত্র জানান, দায়িত্ব গ্রহণের পর গভর্নর কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় বন্ধ কলকারখানা পুনরায় চালুর উদ্যোগে সক্রিয় সহযোগিতার কথা বলেছেন। অর্থনীতিকে প্রবৃদ্ধি ও কর্মসংস্থানমুখী করতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
আরিফ হোসেন খান জানান, গভর্নর পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাক্রো-অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টার প্রশংসা করেছেন।
তিনি সেই স্থিতিশীলতাকে ভিত্তি করে অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে কাজ করবেন বলে জানান। বিশেষ করে গত দেড় বছরে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করতে নীতিগত সহায়তা, প্রয়োজনীয় প্রণোদনা এবং ব্যাংকিং খাতে সমন্বয় জোরদার করার কথা বলেন। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরিফ হোসেন খান বলেন, সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্যমূল্য স্থিতিশীল রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করেন গভর্নর। একই সঙ্গে বিনিয়োগে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এমন উচ্চ সুদের হারের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
মুখপাত্র বলেন, প্রাতিষ্ঠানিক সুশাসন নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পুরোপুরি নিয়ম-ভিত্তিক ও বৈষম্যহীন করা হবে বলে গভর্নর জানিয়েছেন। কাজের গতি বাড়াতে ‘ডেলিগেশন অব অথরিটি’ বা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ানো হবে।
এর আগে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে ‘মব’ তৈরি করে বের করে দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা। আহসান উল্লাকে গাড়িতে তোলায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম। বুধবার দুপুর ৩টার দিকে গভর্নরের সামনেই এ ঘটনা ঘটে।
এ সময় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পরিচালক তানভীর, প্রটোকল কর্মকর্তা হাসান আরিফসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৩০ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তারও আগে বুধবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায় প্রতিবাদ সভা করেছেন ব্যাংকটির কর্মকর্তা ও কর্মচারীদের একাংশ। এদিন সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন।
টিএই/এফএ