images

অর্থনীতি

অর্থনীতিতে সবার জন্য সমান সুযোগ থাকতে হবে: অর্থমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের অর্থনীতিতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। অর্থনীতি এমন হতে হবে, যেখানে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ থাকবে এবং এর সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে নবাগত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বরণ অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড ছাড়া টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সম্ভব নয়।’

তিনি বলেন, ‘৫ আগস্টের পর দেশের জনগণের মনোজগতে ব্যাপক পরিবর্তন এসেছে। সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থনৈতিক কার্যক্রম গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যেসব জায়গায় দুর্বলতা রয়েছে, সেগুলোকে পুনরুদ্ধার ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের গুরুত্বপূর্ণ কাজ হলো ইনস্টিটিউশনগুলোকে রিকভার করা। সেখানে প্রফেশনালিজম, স্বচ্ছতা ও দক্ষতা আনতে হবে।’ 

পৃষ্ঠপোষকতা ভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এটা করতে হলে ডিরেগুলেশন ও লিবারালাইজেশন প্রয়োজন। শুধু ম্যানুফ্যাকচারিংনির্ভর অর্থনীতি নয়, খেলাধুলা, সংস্কৃতি ও বিভিন্ন পেশাভিত্তিক খাতকে সম্পৃক্ত করে অর্থনীতিকে বহুমাত্রিক করতে হবে।’

উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, বরিশালের একটি সাধারণ শীতলপাটির দাম বর্তমানে ৬০০ থেকে ৭০০ টাকা। যদি শীতলপাটির কারিগরদের কারিগরি প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ ও অনলাইন বিপণনের সুযোগ দেওয়া যায়, তাহলে তারা নকশাবৈচিত্র্যপূর্ণ পণ্য উৎপাদন করতে পারবেন এবং এর মাধ্যমে বড় বাজার সৃষ্টি সম্ভব হবে।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান’ ঘোষিত ৩১ দফার আলোকে দেশের অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন করতে হবে। তিনি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

অর্থমন্ত্রী দেশের অর্থনীতি এগিয়ে নিতে সকল স্তরের কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, অর্থ বিভাগের সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানসহ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সচিব ও কর্মকর্তারা।

টিএই/এএইচ