images

অর্থনীতি

স্বচ্ছতার কারণে টিসিবিতে হাজার কোটি টাকা সাশ্রয়: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

টিসিবিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ফলে চলতি অর্থবছরে প্রায় এক হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) পবিত্র রমজান উপলক্ষে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, এই ধারা অব্যাহত থাকলে আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে সরকারকে টিসিবির জন্য আর কোনো ভর্তুকি দিতে হবে না। ভবিষ্যতে সাবান, চা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য টিসিবির তালিকায় অন্তর্ভুক্ত হবে, যা সাধারণ জনগণের জন্য সহায়ক হবে।

১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত ২০ দিনের জন্য (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) এই বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিদিন ট্রাক প্রতি ৪০০ জন নিম্নআয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে। পুরো কার্যক্রমে প্রায় ৩৫ লাখ উপকারভোগীর কাছে ২৩ হাজার টন পণ্য পৌঁছে যাবে। 

ভ্রাম্যমাণ ট্রাকে ভোজ্যতেল প্রতি লিটার ১১৫ টাকা, চিনি ৮০ টাকা, মসুর ডাল ৭০ টাকা, ছোলা ৬০ টাকা ও খেজুর ১৬০ টাকা দরে বিক্রি হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার তেল, এক কেজি চিনি, দুই কেজি ডাল, এক কেজি ছোলা এবং আধা কেজি খেজুর কিনতে পারবেন।

ফ্যামিলি কার্ডধারীদের জন্য নিয়মিত বিক্রি কার্যক্রম চলবে, যেখানে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল সরবরাহ করা হবে।

ঢাকা মেট্রোপলিটনে ৫০টি, চট্টগ্রামে ২০টি এবং অন্যান্য সাতটি মেট্রোপলিটনে ১৫টি করে, বাকি ৫৫ জেলায় ৫টি করে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ করা হবে।

এমআর/ক.ম