images

অর্থনীতি

সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৯ পিএম

দেশের সব স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এই নির্দেশনা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরের বহির্গমন ও আগমন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

‘এ সময়ে সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে’, চিঠিতে বলা হয়। এতে আরও বলা হয়, নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এদিন সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট গ্রহণ করা হবে, যেখানে ১২ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৮০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কারণ শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে এই আসনে নির্বাচন স্থগিত করেছে ইসি।

এএম