images

অর্থনীতি

আর্থিক প্রতিবেদনের মানদণ্ড শক্তিশালী করতে আইসিএমএবি ও এফআরসি’র বৈঠক

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৪ এএম

দেশের আর্থিক প্রতিবেদন ও নীতিমালা সংস্কারের লক্ষ্যে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) ও ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি (২০২৬) এফআরসি কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নেতৃত্বে আইসিএমএবি ও এফআরসি

বৈঠকে আইসিএমএবি-র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মো. কাউসার আলম, এফসিএমএ। এসময় এফআরসি চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার সঙ্গে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। 

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট এস. এম. জহির উদ্দিন হায়দার, সেক্রেটারি মঞ্জুর মো. সাইফুল আজম, ট্রেজারার প্রফেসর ড. মো. মুশফিকুর রহমান এবং এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মাহবুব-উল-আলম।

অডিট স্ট্যান্ডার্ডস চূড়ান্ত করার উদ্যোগ

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল এফআরসি’র তত্ত্বাবধানে কস্ট অ্যাকাউন্টিং ও কস্ট অডিট স্ট্যান্ডার্ডসের অগ্রগতি পর্যালোচনা। উভয় পক্ষই এই মানদণ্ডগুলোর চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং কমিটি পর্যায়ের কাজ দ্রুত শেষ করার বিষয়ে একমত পোষণ করেন।

09.02.26_ICMAB_x_FRC_Discussion_pic

অর্থনৈতিক সুশাসনে গুরুত্বারোপ

আইসিএমএবি প্রেসিডেন্ট মো: কাউসার আলম বলেন, “সুসংগঠিত কর্পোরেট ও অর্থনৈতিক সুশাসনের জন্য এই মানদণ্ডগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি স্বচ্ছতা ও গুণগত মান বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।” 

আলোচনায় কর্পোরেট শাসন-ব্যবস্থা সংস্কার, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।

কারিগরি সহযোগিতার প্রতিশ্রুতি

বৈঠকে পাবলিক ইন্টারেস্ট এন্টিটিজ (পিআইই) সংক্রান্ত আর্থিক প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আইসিএমএবি প্রতিনিধিদল শিল্পখাতে সম্পদের সুষ্ঠু ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে কস্ট অডিটের ভূমিকা তুলে ধরেন এবং এফআরসি-কে সব ধরনের পেশাগত ও কারিগরি সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

পরিশেষে, বাংলাদেশে আর্থিক প্রতিবেদনের মানদণ্ড শক্তিশালী ও নীতিমালার কার্যকারিতা বৃদ্ধিতে উভয় প্রতিষ্ঠান পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এজেড